বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা মানছে না লামা বাজারের ব্যবসায়ীরা

নজরুল ইসলাম (লামা, বান্দরবান)
জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা বাস্তবায়নে লামা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হলেও তা মানছে না লামা বাজারের অধিকাংশ ব্যবসায়ী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুই দিন আগে জারি করা নির্দেশনায় সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজনীয় সেবাদানকারী প্রতিষ্ঠান—যেমন ফার্মেসি ও খাবারের দোকান—ছাড়া অন্যান্য সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমেও বিষয়টি জনসাধারণকে অবহিত করা হয়।

কিন্তু সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে অধিকাংশ দোকানপাট। এতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া সরকারি উদ্যোগ কার্যত বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে এর বাস্তবায়ন।

এ পরিস্থিতিতে সচেতন মহল প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং জোরদার এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তারা মনে করছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলাই হতে পারে সংকট মোকাবিলার অন্যতম কার্যকর উপায়।

ক্যাটাগরি