পাঁচবিবিতে আইডিয়াল চিলড্রেন কেয়ার একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবিতে আইডিয়াল চিলড্রেন কেয়ার একাডেমির উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় পাঁচবিবি আইডিয়াল চিলড্রেন কেয়ার একাডেমি ক্যাম্পাসে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমির পরিচালক মোহাম্মদ শাহজালাল দেওয়ানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা সাদিয়া জান্নাত যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোত্তালিব, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রহমত আলী এবং মোখলেছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো শিক্ষার্থীর মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও আলোর শিক্ষা থাকলে সে কখনো অন্যায় পথে পরিচালিত হতে পারে না। এ সময় তিনি শিশুদের নৈতিকতা, আদর্শ ও সৎপথে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।