বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা কর্মশালাটি সঞ্চালনা করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশ (SOD) অনুযায়ী বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড়ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি এবং দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিমুল ইসলাম, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আঃ মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশ (SOD) বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যরা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।