সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

মোঃ আজাদ আলী, জয়পুরহাটঃজয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাসান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. ফয়সাল রাব্বি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেনসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে ডা. হাসান আলী জানান, উপজেলার ৭৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মধ্যে পর্যায়ক্রমে উপকরণ বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জনকে ২টি করে ছাগল প্রদান করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থিক উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাটাগরি