বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা

কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থী ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে চান্স পেয়েছে

নজরুল ইসলাম (লামা, বান্দরবান)বান্দরবান জেলার লামা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কঠোর পরিশ্রম, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করেছে। দুর্গম পার্বত্য এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের শীর্ষ বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অনুশীলন ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা সুযোগ পেলে যে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়েও কৃতিত্ব দেখাতে পারে—এই অর্জন তারই প্রমাণ।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

ক্যাটাগরি