স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবমে ভর্তি পরীক্ষা বহাল
দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত বহাল থাকছে। সব শ্রেণিতে লটারি পদ্ধতি চালুর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ নভেম্বর) রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদুর রহমান তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
আদালতের আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল থাকবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, সেটিও কার্যকর থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ এক স্মারকের মাধ্যমে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত জানায়। পরে জানানো হয়, শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর হাইকোর্টে রিট করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ।
রিট আবেদনকারীপক্ষের আইনজীবী জাহিদুর রহমান তালুকদার জানান, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে লটারি পদ্ধতি বহাল রাখার দাবিতেই রিটটি করা হয়েছিল। তবে সরকারের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবেন না—এমন অবস্থান জানিয়ে রিটটি খারিজ করে দিয়েছেন।
তিনি আরও জানান, রিট আবেদনকারীর সঙ্গে আলোচনা করে তার অভিপ্রায় অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ১৪ অক্টোবর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে রিটটি শুনানির জন্য উঠলে আদালত তা কার্যতালিকা থেকে বাদ দেন। পরে চলতি মাসে নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হলে শুনানি অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে দেশের বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। পরবর্তী কয়েক বছরও এ পদ্ধতি চালু ছিল।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চের স্মারকে সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। এরপর ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা গত ১৩ অক্টোবর জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ফলে ২০২৭ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে লটারি ও পরীক্ষা—দুই পদ্ধতিই চালু থাকছে। হাইকোর্টের সর্বশেষ আদেশের পর সরকারের ঘোষিত ভর্তি নীতিমালায় আপাতত কোনো পরিবর্তন আসছে না।