রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধিদপ্তর
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাইকোর্টের চিঠি পাওয়ার পর মাধ্যমিকের ছুটি নিয়ে বৈঠক হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
হাইকোর্টের নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত কোনো উল্লেখ না থাকায় রমজানে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা বাৎসরিক ছুটির একটি তালিকা তৈরি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এ পাঠিয়েছে। প্রস্তাবিত তালিকায় রমজান ও ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে মোট ১৯ দিন বিদ্যালয় বন্ধ রাখার কথা রয়েছে। তবে তালিকাটি এখনো ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
উপ-পরিচালক জয়নাল আবদীন বলেন, হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কিছু উল্লেখ নেই। জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের কথা বলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বহাল থাকবে কি না, নাকি এতে পরিবর্তন আনা হবে—সে সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।