কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ০৬ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে থানার একাধিক অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ আশিক (২১), মোঃ নয়ন (১৯), মোঃ ইউনুছ আলী (৩২),রিকো আহমেদ (২৭),মোঃ রিপন (২৫) এবং মোঃ ইমরান (২৫)।পুলিশ জানায়, নগরীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।