চবির শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনের একটি বগিতে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে। শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী ট্রেনটিতে এ ঘটনা ঘটে। বগিটিতে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন রেলওয়ের কর্মীরা। পরে অন্য লাইনে রাখা আরেকটি শাটল ট্রেনে করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নেয়া হয়।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটির সামনের দিক থেকে তৃতীয় বগিতে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিভিয়ে ফেলেন রেলওয়ের কর্মীরা। বগিটির কয়েকটি আসনেও কেরোসিনজাতীয় পদার্থ ছিটানো ছিল। পরে ওই ট্রেনের পরিবর্তে অন্য লাইনে রাখা একটি শাটল ট্রেনে করে ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা।
আবু জাফর মজুমদার বলেন, ‘কেউ কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। আমাদের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। রেলওয়ে পুলিশ তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’