কোতোয়ালী পুলিশের অভিযানে ৫ হাজার সার্বিয়ান জাল ভিসা স্টিকার ও ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, মূল আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার সার্বিয়ার জাল স্টিকার ভিসা, জাল ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মাবুদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ নভেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহেদুল কবিরের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা, ইনচার্জ, বক্সিরহাট পুলিশ ফাঁড়ি এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা কোতোয়ালী থানাধীন টেরিবাজার বাই লেইনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলায় অভিযান চালান। এ সময় একটি কক্ষ থেকে অভিযুক্ত আব্দুল মাবুদকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে সার্বিয়ার বিপুল পরিমাণ জাল ভিসা স্টিকার, জাল ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-৪১, তারিখ ২২/১১/২০২৬ ইং, দণ্ডবিধি ১৮৬০-এর ৪২০/৪৬৫/৪৬৮ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)/১১(২)/১১(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিডিএমএস ও থানার রেকর্ডপত্র পর্যালোচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দায়ের করা একটি মামলার তথ্য পাওয়া গেছে। ওই মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/১১৪/১০৯ ধারা, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২২/২৩ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)(বি)/১১(২) ধারা উল্লেখ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিএমপির কোতোয়ালী থানা পুলিশের এ অভিযান জাল ভিসা তৈরি ও পাসপোর্টসংক্রান্ত প্রতারণার অভিযোগ তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।