খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার
চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)।
পুলিশ জানায় ,গত ২১ নভেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে জোরারগঞ্জ থানার ১নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে , দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুলিশ দ্রুত ওই এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে। একপর্যায়ে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের হেফাজত থেকে ৭.৬২ মি.মি. একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানান , গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।