বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আবহাওয়া ও জলবায়ু

যখন তখন বজ্রপাত, আপনার করণীয় কী?

মুহাম্মদ শফিকুর রহমান

বাংলাদেশে বজ্রপাত এখন অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে কৃষক, জেলে ও খোলা মাঠে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি ঝুঁকিতে থাকেন। প্রতিবছর বজ্রপাতে বহু প্রাণহানির ঘটনা ঘটছে। অথচ কিছু সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে পারলে এই মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে বজ্রপাতে অন্তত ৩ হাজার ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এই ১০ বছরে গড়ে প্রতিবছর প্রায় ৩৪৯ জন প্রাণ হারিয়েছেন। ২০২০ সালে ৪০১ জন এবং ২০২১ সালে ৪২৭ জনের মৃত্যু হয়। ২০১৬ সালে বজ্রপাতকে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশের সব অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি সমান নয়। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের হাওরপ্রধান জেলাগুলোতে বজ্রপাতের ঝুঁকি ও প্রাণহানির ঘটনা বেশি দেখা যায়। সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনা উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ এলাকা। এ ছাড়া উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর এবং সিরাজগঞ্জেও বজ্রপাতের ঝুঁকি রয়েছে।

২০২৪ সালে প্রকাশিত জিআইএস-বেজড স্পেশাল অ্যানালাইসিস ফর লাইটিনিং সিনারিও ইন বাংলাদেশ শীর্ষক গবেষণায় ২০১৫ থেকে ২০২২ সালের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বজ্রপাতে প্রাণহানির দিক থেকে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নওগাঁ উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ জেলা। গবেষণায় সিলেট বিভাগে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে বজ্রপাতের ঘনত্ব এবং বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা এক বিষয় নয়।

বাংলাদেশে সাধারণত মার্চ থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাতের প্রবণতা বেশি থাকে। বিশেষ করে এপ্রিল ও মে মাসে বজ্রপাতের ঘটনা ও প্রাণহানি বেশি ঘটে। এ সময় কালবৈশাখীসহ বিভিন্ন ধরনের বজ্রঝড় দেখা যায়। জুন মাসেও বজ্রপাতের ঝুঁকি থাকে। ২০১৫ থেকে ২০২০ সালের বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, দেশের মোট বজ্রপাতের প্রায় ৭৩ শতাংশ ঘটে মার্চ থেকে জুন মাসের মধ্যে। তাই এ চার মাসে কৃষক, জেলে ও খোলা মাঠে কাজ করা মানুষকে বিশেষ সতর্ক থাকতে হবে।

আকাশে কালো মেঘ দেখা দিলে বজ্রপাত শুরু হওয়ার অপেক্ষা না করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। পাকা ভবন বা বজ্রনিরোধক ব্যবস্থা থাকা স্থাপনা সবচেয়ে নিরাপদ। খোলা মাঠে থাকলে দ্রুত নিরাপদ আশ্রয় খুঁজতে হবে। কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি বা টাওয়ারের নিচে আশ্রয় নেওয়া যাবে না।

বজ্রপাতের সময় নদী, পুকুর কিংবা জলাশয়ে থাকা বিপজ্জনক। ঘরের মধ্যে থাকলেও বৈদ্যুতিক তারে সংযুক্ত যন্ত্রপাতি ব্যবহার এবং পানির কল বা পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকা ভালো। বজ্রপাতের শেষ শব্দ শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ আশ্রয়ে থাকা উচিত।

ধান কাটা, ফসল পরিচর্যা কিংবা জমিতে সেচ দেওয়ার সময় কৃষকেরা প্রায়ই খোলা মাঠে থাকেন। এ কারণে তাদের ঝুঁকি বেশি। আকাশে মেঘ জমতে শুরু করলে কৃষিকাজ বন্ধ করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। বজ্রপাতের আশঙ্কা থাকলে গাছের নিচে বা খোলা মাঠে অবস্থান করা যাবে না। মাঠের কাছাকাছি নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ কৃষকদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে গ্রামাঞ্চলে তালগাছ রোপণের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত। তালগাছ উঁচু হওয়ায় এটি বজ্রপাতের আঘাত পেতে পারে। তবে শুধু তালগাছ লাগালেই বজ্রপাত বন্ধ হবে বা মানুষ নিরাপদ থাকবে, এমন ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। বরং পরিকল্পিত বৃক্ষরোপণের পাশাপাশি বজ্রনিরোধক দণ্ড বা লাইটনিং অ্যারেস্টার স্থাপন, নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়। স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ, আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে হাওর ও বিস্তীর্ণ কৃষিজমিতে নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ, কৃষকদের প্রশিক্ষণ, তালগাছসহ দেশীয় গাছ রোপণ এবং বজ্রপাতের আগাম সতর্কবার্তা প্রচার জরুরি।

নিজেদেরও সচেতন হতে হবে। মনে রাখতে হবে, বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগ হলেও সচেতনতা, আগাম প্রস্তুতি ও যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব।

ক্যাটাগরি