কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউগাছ নিধনের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
কক্সবাজার সমুদ্রসৈকতে বিচ কার্নিভালের আয়োজনকে কেন্দ্র করে শত শত ঝাউগাছ কাটার অভিযোগ উঠেছে। উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ঝাউগাছ নিধন বন্ধ, কার্নিভালের স্থান পরিবর্তন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, কক্সবাজারের শৈবাল বিচ পয়েন্টে বিনোদনমূলক আয়োজনের নামে ঝাউগাছ কেটে উপকূলের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা ধ্বংস করা হচ্ছে। অথচ ঝাউবন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সামুদ্রিক দুর্যোগ থেকে উপকূলীয় জনপদ এবং বালিয়াড়ি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রাকৃতিক সুরক্ষাবলয়।
স্মারকলিপিতে ঝাউগাছ কাটার সঙ্গে জড়িত ও অনুমতিদানকারী দায়িত্বশীলদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ, ঝাউবন ধ্বংস বন্ধ, ক্ষতিগ্রস্ত এলাকায় বনায়ন, কার্নিভালের স্থান পরিবর্তন এবং শৈবাল এলাকাকে কোনো অবস্থাতেই বেসরকারি খাতে লিজ না দেওয়ার দাবি জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, অতীতে ওরিয়ন গ্রুপের কাছে শৈবাল এলাকা লিজ দেওয়ার উদ্যোগ কক্সবাজারবাসীর আন্দোলনের মুখে প্রতিহত হয়েছিল।
স্মারকলিপিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বেলার বিভাগীয় সমন্বয়ক মেনিসিয়া পারভিন, নদী পরিব্রাজক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, আমরা কক্সবাজারবাসীর ইসলাম মাহমুদ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন এবং বাপা কক্সবাজারের সভাপতি এম জাফর আলম দিদারসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।