শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম: দীপেন দেওয়ান।

ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির চর্চাই পারে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে—এমন মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, ধর্ম ছাড়া মানুষের কোনো বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৌদ্ধ ধর্ম মানুষকে কায়িক, মানসিক ও বাচনিক পাপ থেকে বিরত থাকার শিক্ষা দেয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে শ্রদ্ধেয় বনভন্তের শান্তির বাণী আজও অত্যন্ত প্রাসঙ্গিক। রাজবন বিহার শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি পাহাড়ের সম্প্রীতি, মানবিকতা ও শান্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিভিন্ন দেশ থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ও মহাস্থবিরদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন বিভিন্ন দেশের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ভাববিনিময়ের সুযোগ সৃষ্টি করে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত পুণ্যার্থী ও ভিক্ষু সংঘের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জানান দীপেন দেওয়ান। একই সঙ্গে রাজবন বিহারের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে বিহারের উন্নয়নে এক লাখ টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে রাজবন বিহারের ভিক্ষুদের চীবর দান করেন।

নিজেকে সংসদ সদস্য নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সার্বজনীন ধর্মীয় চেতনায় বিশ্বাসী হয়ে সব সম্প্রদায়ের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চাকমাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

এছাড়া অনুষ্ঠানে রাজবন বিহারের জ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষুগণ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি