মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের IDA-এর নতুন কমিটি গঠন সভাপতি ডা. মোহাম্মদ আজিজ, সাধারণ সম্পাদক ডা. মনজুর মোর্শেদ মাহি

চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়েছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (IDA) ২০২৬-২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি। সম্পূর্ণ অরাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ আজিজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মনজুর মোর্শেদ মাহি।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২০-২১) ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে গঠিত এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। নির্বাচনে মোট ৩৭ জন ভোটারের মধ্যে ২৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর IDA-এর নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। এ বিষয়ে হাসপাতাল পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নির্বাচন পরিচালনায় অপারগতা প্রকাশ করেন বলে জানা গেছে।

এ ঘটনায় উপস্থিত ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তীতে উপস্থিত ইন্টার্ন চিকিৎসকদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও ভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি ডা. সৈয়দ নাজমুল হুদা, সহ-সভাপতি ডা. এহসানুল করিম (মুন্না) ও ডা. আব্দুল হামিদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেসাব, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আলিয়া, কোষাধ্যক্ষ ডা. খলিল, প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. তারিন, ক্রীড়া সম্পাদক ডা. সৌরভ, সাংস্কৃতিক সম্পাদক ডা. প্রমি ঘোষ এবং বৈজ্ঞানিক সম্পাদক ডা. ওয়াশিমা।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. পূলক চৌধুরী, ডা. রিত্তিকা, ডা. তাঞ্জিমা, ডা. সাদিয়া, ডা. নারগিছ, ডা. তাসরিফা, ডা. আসমা, ডা. মহিমা ও ডা. কনা।

নবগঠিত এ কমিটির মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও পেশাগত সংহতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য অধিকার ও পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মপরিবেশের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তাঁদের।

ক্যাটাগরি