লোকাল থেকে কমিউটার হচ্ছে নাজিরহাটের দুই জোড়া ট্রেন
চট্টগ্রাম-নাজিরহাট রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য ট্রেনগুলোর নাম পরিবর্তন করে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ রাখা হয়েছে। একই সঙ্গে সাতটি কোচের একটি রেক গঠন করে ট্রেনগুলো পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপপরিচালক (টিটি) মো. মেহেদী হাসান।
রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে চলাচলরত দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের লক্ষ্যে ৭ কোচের একটি রেক গঠন করে পরিচালনার প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে।
চিঠিতে আরও বলা হয়, ট্রেনগুলোর নতুন নাম হবে নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪। এ অবস্থায় চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে চলাচলরত দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তর করে নির্ধারিত লোডে একটি রেক গঠন করে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
রেলওয়ের নির্ধারিত কম্পোজিশন অনুযায়ী, নতুন এই ট্রেনের রেকে থাকবে সাতটি কোচ। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেনীর কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ রেক (এসএলআর) কোচের সমন্বয়ে ৭ কোচ নির্ধারণ করা হয়েছে।