দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি জনপদের চার শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
সোমবার (১৬ নভেম্বর) জোন কমান্ডারের নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকার বব্রুবাহন কারবারি পাড়ায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় দীঘিনালা সদর হাসপাতালের আরএমও মো. জাহিদুল ইসলাম উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন। দিনব্যাপী এ কার্যক্রমে চার শতাধিক অসহায় ও দরিদ্র পাহাড়ি নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে সেনাবাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যাতায়াতের প্রতিকূলতার কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, এ ধরনের উদ্যোগে তাঁরা নিজ এলাকায় চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।