বিশ্ব ডায়াবেটিস দিবসে পার্কভিউ হাসপাতালে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
‘Early Action on Diabetes’ প্রতিপাদ্যে ডায়াবেটিসের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ ও সময়মতো চিকিৎসার ওপর গুরুত্বারোপ
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়োপযোগী চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। ‘Early Action on Diabetes’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ র্যালিতে ডায়াবেটিস প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পরবর্তীতে দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতালের ১২ তলা কনফারেন্স হলে ‘Scientific Seminar on World Diabetes Day 2026: Early Action on Diabetes’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকসহ মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোঃ আশরাফুল হোসাইন। তিনি ডায়াবেটিসের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শুরু থেকেই সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী।
সেমিনারের প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ রফিক উদ্দিন, মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. এ. এস. এম. জাহেদ, পার্কভিউ হসপিটাল লিমিটেডের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অবস্টেট্রিকস ও গাইনোকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাফিকুর নাহার মোনা।
আলোচনায় বক্তারা বলেন, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা হলেও যথাসময়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসজনিত জটিলতা কমাতে ব্যক্তি, পরিবার, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সহকারী অধ্যাপক ডা. মোঃ রফিক উদ্দিন বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের কোনো বিকল্প নেই। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসজনিত জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসক ও রোগী উভয়ের সচেতনতা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনারের গুরুত্ব অপরিসীম।
পার্কভিউ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষ জানায়, বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরা, চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সচেতনতা তৈরিতে এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন অব্যাহত থাকবে।
দিনব্যাপী কর্মসূচির সার্বিক পরিকল্পনা, সমন্বয়, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম। তাঁদের সুপরিকল্পিত উদ্যোগ, পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টায় পুরো আয়োজন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। চিকিৎসকদের মধ্যে পেশাগত যোগাযোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং হাসপাতালের চিকিৎসাসেবামূলক উদ্যোগকে এগিয়ে নিতে মার্কেটিং টিমের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিষ্ঠানটি ISO 15189 অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং সমন্বিত স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে কাজ করে যাচ্ছে।