রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন নির্বাহী প্রকৌশলী সুমন তালুকদার
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন সুমন তালুকদার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে প্রেষণে এ পদে পদায়ন করা হয়েছে।
গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে এলজিইডির প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ পদায়নের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, সুমন তালুকদার এর আগে এলজিইডির চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে একই পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।
আদেশে তাঁকে আগামী ১১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১২ নভেম্বর অপরাহ্ন থেকে তাঁকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করার কথাও উল্লেখ রয়েছে।
এদিকে, নতুন কর্মস্থলে তাঁর যোগদানের মধ্য দিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল বিভাগের দায়িত্বভার গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে জেলার চলমান ও পরিকল্পিত উন্নয়নমূলক প্রকল্পগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।