রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে বিশেষ আলোচনা সভা

বান্দরবানের আলীকদমে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা বিএনপির সভাপতি জনাব আনছার আহাম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহসভাপতি, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো. আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. আবুল কালাম বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ দেশের গতিপথ বদলে দিয়েছিল।” নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাস্টার মনজুরুল ইসলাম এবং আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব রিটন ৭ নভেম্বরের পটভূমি তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি জনাব আনছার আহাম্মদ তাঁর সভাপতির বক্তব্যে বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনের বার্তা ও চেতনা প্রতিটি কর্মীর মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল ইসলাম মনু, শ্রমিক দলের আহ্বায়ক জনাব ছুরত আলম, সাধারণ সম্পাদক ছোটনসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা দেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রায় জাতীয় সংহতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ক্যাটাগরি