বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদক কারবারি, চোরসহ আটক ৮

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, চুরি সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তি ও কিশোরসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়। তারা হলেন—রিন্টু ত্রিপুরা (৩৪), মো. রফিক (৪০), মো. ফজলে রুহানী (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৪৪)। তাদের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া চুরি সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে রিমন নাথ (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, বখাটেপনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়। তারা হলো—মাহিন (১৩), আরিয়ান (১২) ও মো. আরিফুল ইসলাম (১৮)। পরে আটক কিশোরদের অভিভাবকদের অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাদের পিতা-মাতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, আটক পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাটাগরি