প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিনেই ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চায়ের দোকানে ঢুকে প্রকাশ্যে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম শেখ ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সালাম শেখের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে তরিকুল ইসলাম গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। আকস্মিক এ হামলার পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পূর্বশত্রুতা, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
উল্লেখ্য, একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সরকারি সফরে খুলনা ও বাগেরহাটে আসেন। তাঁর খুলনা সফরকে কেন্দ্র করে নগরজুড়ে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। এর মধ্যেই জেলার ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যার ঘটনা নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।