খুলনার ফুলবাড়ীগেটে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, অভ্যর্থনা তোরণে আগুন
মারুফ চৌধুরী পমিন, খুলনা সিটি রিপোর্টার:
খুলনার ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডে ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর অতিক্রমের আগে ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি অভ্যর্থনা তোরণের একাংশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্বিঘ্নে ওই এলাকা অতিক্রম করে ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।