চেকপোস্টে বাস থামতেই দ্রুত নেমে যান তারা, ব্যাগে মিললো ১৭ কেজি গাঁজা
চট্টগ্রামের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৭।
বুধবার (২৮ অক্টোবর) দিনগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় নাহার ফিড মিলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।গ্রেফতাররা হলেন মো. আমিন (৩৭) ও দ্বীন মোহাম্মদ (২৭)।
তারা দুজনই কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী নীলাচল পরিবহনের একটি বাসে যাত্রীবেশে গাঁজা নিয়ে যাচ্ছেন।
এ তথ্যের ভিত্তিতে মস্তাননগর এলাকায় চেকপোস্ট বসানো হয়।চেকপোস্টের কাছে বাসটি পৌঁছালে দুই যাত্রী তাদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। এসময় এসআরবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের কাঁধের ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার দুই ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।