বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

দুর্গম পাহাড়ভাঙ্গায় জনকল্যাণে সেনাবাহিনী, জীবনমান উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের আশ্বাস

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের পাহাড়ভাঙ্গা এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং স্থানীয় সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফারহাদুর রহমান, পিএসসি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি পাহাড়ভাঙ্গা ক্যাম্প ও পাহাড়ভাঙ্গা পাড়া পরিদর্শন করেন। এ সময় স্থানীয় কারবারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে এলাকার সার্বিক পরিস্থিতি, জনসাধারণের সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার প্রসার, কৃষিসেবা সম্প্রসারণ ও আর্থসামাজিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে যুবসমাজকে মাদক পাচার, অবৈধ পণ্য পাচারসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুশৃঙ্খল ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানান জোন কমান্ডার।

সভায় স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য শোনার পর পাহাড়ভাঙ্গা এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন জোন কমান্ডার। এসব উদ্যোগের মধ্যে রয়েছে স্থানীয় দক্ষ জনশক্তিকে চিহ্নিত করে কম্পিউটার ও বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন এবং শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ।

এর আগে জোন কমান্ডার পাহাড়ভাঙ্গা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের মধ্যে তাঁর পক্ষ থেকে উপহারসামগ্রীও বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে অবগত হওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাটাগরি