লামার ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রমে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে শুভ প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুনতাসির মহিউদ্দিন শান্ত। তিনি আলীকদম সেনা জোনের জোন কমান্ডারের পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় আশ্রমের এতিম ও অসহায় শিশুদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন তিনি।
পরে ফানুস উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ধর্মীয় আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় আশ্রমের উপদেষ্টা ও সাংবাদিক এম. রুহুল আমিন, ১৮৪ নম্বর ইয়াংছা মৌজার হেডম্যান ক্য চিং হ্লা মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বার্তা নিয়ে আয়োজিত এ উৎসবে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।