চট্টগ্রামে ডেঙ্গু সচেতনতায় জামায়াতের কর্মসূচি, নেতৃত্বে কাউন্সিলর প্রার্থী রুমি
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ার্ড শাখা। পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১০ অক্টোবর কর্মসূচির অংশ হিসেবে এলাকায় লিফলেট বিতরণ, মশক নিধন কার্যক্রম, মাইকিং এবং পথসভার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি বলেন, এডিস মশা নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোনো কর্মসূচি নেই। এ বিষয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং কার্যকর মশক নিধন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা জরুরি।
শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার।
এতে আরও বক্তব্য দেন খুলশী ওয়ার্ডের সভাপতি ইমরান সিকদার, নাসিরাবাদ ওয়ার্ডের সভাপতি নুর নবী, আলফালাহ ওয়ার্ডের সভাপতি হাফেজ শফিকুল ইসলাম, তুলাতলী ওয়ার্ডের সভাপতি সাদ বিন সালাম, টেকনিক্যাল ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল কাদের বাচ্চু এবং খুলশী ওয়ার্ডের সেক্রেটারি ইঞ্জিনিয়ার দিদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।