শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে” –মিয়া গোলাম পরওয়ার

২৭ নভেম্বর, ২০২৬-এ চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে প্রায় পনেরো হাজার শ্রমিক কাউন্সিলরের অংশগ্রহণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের দেশের কর্ণধার ও শিল্পমালিকরা প্রায়ই বলে থাকেন, ‘শিল্প বাঁচলে, দেশ বাঁচবে।’ এ কথা সত্য। তবে এটাও সত্য যে, ‘শ্রমিক বাঁচলেই, শিল্প বাঁচবে।’ যে শ্রমিকরা কঠোর শ্রম দিয়ে, ঘাম দিয়ে শিল্পকে বাঁচিয়ে রাখে, সেই শ্রমিকদের খেয়েপরে ন্যূনতম অধিকারও তারা দিতে চায় না। যে শ্রমনীতি শ্রমিকের দু-বেলা খাবারের অধিকার দিতে পারে না, অসুস্থতার সময় প্রয়োজনীয় চিকিৎসার অধিকার দিতে পারে না, সে শ্রমনীতিকে প্রত্যাখ্যান করে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।
সরকারকে বলব, দেশের সকল সম্পদ দেশীয়ভাবে পরিচালনা করার সক্ষমতা অর্জন করুন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমনকি দুঃখজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তি এসব ষড়যন্ত্রের অংশ। চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিকিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে। অবিলম্বে দেশের সকল সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
আমরা সকল প্রতিবেশির সাথে সুসম্পর্ক রাখতে চাই। কিন্তু পার্শবর্তী দেশ ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধী খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে; জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছে। দিল্লি যদি রিমোট কনট্রোলের মতো করে বাংলাদেশে আধিপত্য চালাতে চায়, তাহলে আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশ কখনও দিল্লির ন্যূনতম আধিপত্যও মেনে নেবে না।

দেশের সংকটকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এই জাতীয় ঐক্যের সাথে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকারই জুলাইসনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড়ো বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। গণভোটের রায়কে উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণ্ন করছেন। ৭০ ভাগ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ ভাগ সংসদীয় আসনের জোর দেখি প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ ভাগ ভোটের গণরায়কে মেনে নিন। গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে নিয়ে ফ্যাসিস্টকে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।

দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। সম্মেলন সঞ্চালনা করেন যৌথভাবে মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম ও ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম এবং ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ।

সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক। ২০২৭-২০২৮ সেশনের জন্য চট্টগ্রাম মহানগরী সভাপতি পুননির্বাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ শ্রমিক-মেহনতি মানুষ। সুতরাং শ্রমিক-মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে। তাই রাষ্ট্রকেই অগ্রগামী হয়ে শ্রমিক-মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে দেশের প্রতি শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে। আধিপত্যবাদী সকল শক্তির কালো থাবা থেকে বাংলাদেশকে হেফাজত করতে শ্রমিক-জনতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আধিপত্যবাদী শক্তির দোসর আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ঠেকিয়ে দিতে শ্রমিকজনতা ঐক্যবদ্ধ আছে। তবে, সরকারকে প্রথমে জুলাই-সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বাংলাদেশের সকল শ্রম সেক্টরে অবিলম্বে সকল শ্রমিক সংগঠনের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিক নির্যাতনকারী সন্ত্রাসী সংগঠন শ্রমিক লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকারদলীয় শ্রমিক সংগঠন। অবিলম্বে এই আত্মঘাতী চর্চা থেকে সরে আসতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ঠেকাতে অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গার্মেন্টস সেক্টরে চলমান অস্থিরতা দূর করতে ন্যূনতম মজুরি আরও বৃদ্ধি করে পুনর্নির্ধারণ করতে হবে। মূল্যস্ফীতির দিকে লক্ষ্য রেখে গার্মেন্টস কর্মীদের মজুরি বাড়াতে হবে। অস্বচ্ছ ও গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালকে বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। এসব চুক্তিতে কী শর্ত আছে, সেটা জানার অধিকার জনগণের আছে। সে চুক্তি জনসাধারণের সামনে উপস্থাপন করতে হবে। বন্দর শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা হলে শ্রমিকজনতা সে চুক্তি প্রত্যাখ্যান করবে। সর্বোপরি, ইসলামী শ্রমনীতিই শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির একমাত্র পথ। অতএব, ইসলামী শ্রমনীতির দাওয়াত সকল সেক্টরের শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, শ্রমিকজনতার অধিকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করা যাবে না। অতএব, বাংলাদেশকে একটি শ্রমিকবান্ধব রাষ্ট্র হিসেবে পরিগঠনের জন্য শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই শ্রমিকবান্ধব দেশ গঠনের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দিল্লিতে অবস্থান করে ফ্যাসিস্ট হাসিনা যে হুমকিধামকি দিচ্ছে এটার কোনো মূল্য নেই। কখনোই সেই ফ্যাসিস্ট ও খুনীকে এই দেশের জনগণ, শ্রমিক-মেহনতি মানুষ, ছাত্রজনতা ফিরতে দেবে না।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এত বিপুল জনগোষ্ঠীকে উপেক্ষা করে দেশকে সমৃদ্ধ করা যায় না। তাই শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়াগুলো মেনে নিতে হবে। শ্রমিকদের মাঝে নৈতিকতার উন্মেষ ঘটাতে হবে। শ্রমিকদের দক্ষতা বিকাশের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সাইফুল্লাহ মানসুর। শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তান, বিশিষ্ট লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর।

সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, জাতীয় সংসদ সদস্য জহিরুল ইসলাম, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন, রাজনীতিবিদ শফিউল আলম প্রমুখ।

সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী, মাওলানা মমতাজুর রহমান, জুলাই ঐক্যের নেতা আবরার হাসান রিয়াদ প্রমুখ।

ক্যাটাগরি