পাইকগাছায় সৌগত ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন
খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে সৌগত ঘোষ ওরফে সোহাগ নামের এক ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার বিকেলে নতুন বাজারে আয়োজিত এ মানববন্ধনে তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন, জমি অধিগ্রহণের নামে সরকারি অর্থ উত্তোলনে অনিয়ম এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়। একই সঙ্গে তাঁর সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, সৌগত ঘোষ ওরফে সোহাগ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। গদাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়ের জন্য জমি দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তাঁরা। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলায় তাঁর ফাঁসির রায় কামনা এবং আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে এক মুসলিম মেয়েকে বিয়ে করার অভিযোগও তোলা হয়।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, জমি অধিগ্রহণের নামে অনিয়ম করে সরকারের কাছ থেকে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
বক্তারা বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি তাঁর সহযোগীদেরও আইনের আওতায় আনতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন যুবনেতা আসলাম পারভেজ আসাদুজ্জামান মামুনসহ আরও অনেকে। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সৌগত ঘোষ ওরফে সোহাগের বক্তব্য পাওয়া যায়নি।