চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতর ১৭ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নুর মোহাম্মদ লিখন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটে চকরিয়া উপজেলার মালুমঘাট ইউনিয়নের জলদাশ পাড়া এলাকায় চেকপোস্টে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলের চাকার ভেতর ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
পরে মোটরসাইকেলের সামনের ও পেছনের চাকা খুলে ৩৮টি পোটলায় রাখা ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ জেলা শরীয়তপুরে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।