রূপসা ব্রিজের পাশে অস্ত্র-গুলি ককটেলসহ ৩ জন গ্রেপ্তার
শেখ তৈয়ব,খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা নগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজের উত্তর পাশে বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, তিনটি বোমা সদৃশ ককটেল ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলামিন হাওলাদার, রনি মোল্লা ও স্মরণ হাওলাদার।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রূপসা ব্রিজের উত্তর পাশে জালাল আহমেদের তুষ-কুড়া মিলের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। এ সময় হেলমেট ও গামছা দিয়ে মুখ আবৃত অবস্থায় মোটরসাইকেলযোগে ওই স্থান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, তিনটি বোমা সদৃশ ককটেল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রূপসা ব্রিজের উত্তর পাশে একটি সিমেন্ট আনলোডের ঘাটের মালিকের কাছে স্থানীয় সন্ত্রাসী গ্রুপের সদস্য পরিচয়ে বিভিন্ন সময়ে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করতে অভিযান চালানো হয়।
লবণচরা থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা সদৃশ বস্তু জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক নির্দেশনায় লবণচরা থানার কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।