রামুর কচ্ছপিয়ার মো. ইসা ও লারপাড়ার মো. নুরুল আবছার ১৪ হাজার ইয়াবা নিয়ে গ্রেপ্তার
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ ৬ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল জানতে পারে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দুই মাদক কারবারি কক্সবাজার সদরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজার সদর থানাধীন লিংক রোড রেলক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
পরে সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ইয়াবার পাশাপাশি নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত এবং আসামিদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।