মাদকের বিরুদ্ধে আপসহীন পুলিশ—রাঙামাটিতে কঠোর বার্তা পুলিশ সুপারের
অহিদুল ইসলাম অভি-জেলা প্রতিনিধি রাঙামাটি
মাদককে প্রতিরোধ করি, যুবসমাজকে রক্ষা করি’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাঙামাটি কোতয়ালী থানার আয়োজনে শহরের রিজার্ভ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন। মাদক ব্যবসায়ী ও কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক যুবসমাজ ও একটি প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং, রাঙামাটি পার্বত্য জেলার সভাপতি ও রাঙামাটি জজ কোর্টের বিজ্ঞ জি.পি. অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
র্যালি ও সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান আরও কঠোর ও জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।