কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, তিন দিনেও সমাধান হয়নি দরকষাকষিতে আটকে মেরামত, দুর্ভোগে শিলছড়ি বালুচরের বাসিন্দারা
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি):
রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি বালুচর এলাকায় ট্রাকের ধাক্কায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের তার, খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ বিভাগের সঙ্গে ট্রাক মালিকপক্ষের ক্ষতিপূরণ নিয়ে সমঝোতা না হওয়ায় মেরামত কাজ বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শিলছড়ি বালুচর এলাকায় একটি ট্রাকের সঙ্গে ১১ কেভি বিদ্যুৎ লাইনের তারের সংঘর্ষ হয়। এতে বিদ্যুতের খুঁটির নিচের অংশ ভেঙে যায় এবং তার ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর থেকেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত রয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো মেরামতের খরচ নিয়ে বিদ্যুৎ বিভাগ ও ট্রাক মালিকপক্ষের মধ্যে দরকষাকষি চলছে বলে জানা গেছে। ট্রাকের চালক ইব্রাহিমের বক্তব্য অনুযায়ী, প্রথমে মালিকপক্ষের কাছে ১ লাখ ৮০ হাজার টাকা দাবি করা হয়। পরে আলোচনার শেষ পর্যায়ে ৮০ হাজার টাকা দাবি করা হয়েছে বলে তিনি জানান।
তবে ক্ষতিপূরণের দাবির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এখনো সমঝোতা হয়নি। ফলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে।
এ বিষয়ে এলাকার ইউপি সদস্য সরোয়ার বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। দ্রুত সমস্যার সমাধানের জন্য ট্রাক মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সমিতির সঙ্গে বসে সমঝোতার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্ষতিপূরণ বা অর্থসংক্রান্ত বিষয় দ্রুত সমাধান করে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন, খুঁটি ও ট্রান্সফরমার মেরামত করে এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হোক। চালক ইব্রাহিমের বক্তব্যসহ পুরো ভিডিও প্রতিবেদনটি দেখুন।