শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়ব: লালদীঘিতে শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে কোনো ধরনের প্রলোভন বা চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না।

শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জনগণের ৭০ শতাংশের রায়কে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ তাদের যে দায়িত্ব দিয়েছে, তা তারা পালন করবেন। কোনো প্রলোভন দেখিয়ে বিরোধী শক্তিকে কেনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের অবসান ঘটিয়ে রাষ্ট্রের সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল মানুষের। কিন্তু সরকার গণভোটের রায়কে উপেক্ষা করেছে। জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে শাপলা চত্বর, পিলখানা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিও জানান শফিকুর রহমান। তার ভাষ্য অনুযায়ী, পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড এবং আয়নাঘর ও জল্লাদখানার সঙ্গে জড়িতদেরও বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, দেশে যারা হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি শিগগিরই আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, বিরোধী দলগুলো নীরব রয়েছে বলে সরকার যা খুশি করতে পারবে—এমনটি ভাবার কারণ নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়নে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সমাবেশে ১১ দলীয় জোটের নেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকটের সমাধান, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং জুলাইয়ের গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

ক্যাটাগরি