শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ নির্বাচিত

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামায় মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির প্রায় চার হাজার নারী-পুরুষ সদস্য অংশ নেন।

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মৌচাকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং মৌচাকের শরীয়াহ কমিটির সভাপতি আ.ক.ম. আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী, কালব লিমিটেডের সাবেক পরিচালক মো. আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ ও মো. শফিউল আলম এবং কালবের সাবেক উপমহাব্যবস্থাপক ও ইনোভা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন মৌচাকের সাবেক সভাপতি ও ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্যসচিব মোহাম্মদ ইয়াহিয়া, শরীয়াহ বোর্ডের সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, সমিতির সেক্রেটারি মাস্টার হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা।

সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরে ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব, লভ্যাংশ বণ্টনের প্রস্তাব, সম্পূরক বাজেট এবং ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

সমিতি সূত্রে জানা যায়, ১৯৯২ সালের ১ জুলাই মাত্র ১২ জন সদস্য নিয়ে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের যাত্রা শুরু হয়। বর্তমানে সাধারণ ও শিশু সদস্য মিলিয়ে এর সদস্যসংখ্যা প্রায় ১৭ হাজার। প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন প্রায় ৭৪ কোটি টাকা বলে আয়োজকরা জানিয়েছেন।

বার্ষিক সাধারণ সভায় মৌচাক এগ্রো সার্ভিস ও পরিবহন ব্যবসায় বিনিয়োগসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সদস্যদের অংশগ্রহণে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১৫০ জন বিজয়ী পুরস্কার লাভ করেন।

নির্বাচনে সভাপতি পদে মাস্টার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুর রহিম ও গোলাম সরোয়ার। নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির সদস্যরা।

মৌচাকের প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন বলেন, ‘টেকসই ক্রেডিট ইউনিয়ন’ গড়ে তোলা এবং সদস্যদের জীবনমান উন্নয়নে গুণগত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মৌচাকের যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠানের বর্তমান সাফল্যের পেছনে সাধারণ সদস্য, পরিচালনা পরিষদ এবং কর্মকর্তা-কর্মচারীদের অবদান রয়েছে। ভবিষ্যতেও নতুন নতুন উদ্যোগের মাধ্যমে মৌচাককে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ক্যাটাগরি