বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

“লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত” বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

নজরুল ইসলাম, লামা, বান্দরবানঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি লামা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লামা উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, সাবেক লামা পৌর কাউন্সিলর মো. সাইফুদ্দিন, সাবেক লামা পৌর কাউন্সিলর মোহাম্মদ আবু ইউছুপ এবং লামা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দীর্ঘ রাজনৈতিক পথচলা তুলে ধরেন। তারা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের সঙ্গে জড়িত। দলের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বক্তারা দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং যেকোনো রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করার ওপর গুরুত্ব দেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভাকে ঘিরে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশ নেওয়ায় কর্মসূচিতে ব্যাপক জনসমাগম দেখা যায়।

ক্যাটাগরি