রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটিতে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাঙামাটির সাপছড়ি এলাকায় কোতয়ালী থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে সংশ্লিষ্ট সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরাও র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। পরে র্যালিটি সাপছড়ি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজের ওপর। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।