মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) লামা থানাধীন ৭ নম্বর ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পথসভা ও র‌্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল, সামাজিক ও পারিবারিক জীবনে এর ক্ষতিকর প্রভাব এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।

লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

পথসভা ও র‌্যালি শেষে মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে এলাকায় চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এ সময় যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।

পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি