আলীকদমে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা: চাকা ব্লাস্টে আহত ১১: ফিটনেস নিয়ে ক্ষোভ
হাবিবুর রশিদ হিমন,আলীকদম (বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে মাতামুহুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ব্লাস্ট হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও হেলপারসহ অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ (৮ আগস্ট) দুপুর ১টার দিকে আলীকদম-লামা-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় আলীকদম কলেজ সংলগ্ন ঢালু অংশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, চকরিয়া থেকে যাত্রী নিয়ে বাসটি আলীকদমের দিকে আসছিল। পথিমধ্যে আলীকদম কলেজসংলগ্ন ঢালু অংশে পৌঁছালে হঠাৎ গাড়িটির একটি চাকা বিকট শব্দে ব্লাস্ট হয়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে স্থানান্তর করেন চিকিৎসকরা।
আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনচুর আলম জানান, “খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।”
দুর্ঘটনার পর ওই সড়কে চলাচলকারী যানবাহনের ফিটনেস ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আলীকদম-লামা-চকরিয়া সড়কে দীর্ঘদিন ধরে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল করায় নিয়মিত নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হচ্ছে যাত্রীদের। দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার মূল কারণের পাশাপাশি বাসটির কাগজপত্র ও ফিটনেস সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অঘটন এড়াতে আলীকদম-লামা-চকরিয়া সড়কে নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং দক্ষ চালক নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।