শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

বন্যাদুর্গত ২,৫৯৯ সদস্যের জন্য লামায় আশা’র ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের সহায়তায় বান্দরবানের লামায় আশা (ASA) ২ হাজার ৫৯৯ জন সদস্যের মধ্যে মোট ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করেছে।

বুধবার (২৯ জুলাই) লামা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আশা’র কক্সবাজার ও বান্দরবান অঞ্চলের সিনিয়র জেলা কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা জামায়াতের আমির কাজী মো. ইব্রাহিম এবং সাংবাদিক মোহাম্মদ কামালুদ্দিন।

আশা কর্তৃপক্ষ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক সদস্যকে জনপ্রতি ১ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হবে। প্রথম ধাপে ৬০ জন সদস্যের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি সদস্যদের মধ্যেও প্রণোদনা বিতরণ করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য পরবর্তী ধাপে সুদমুক্ত ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। আশা’র এ মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অন্য প্রতিষ্ঠানগুলোকেও এমন উদ্যোগ নিতে উৎসাহিত করবে।

ক্যাটাগরি