বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লংগদু-নানিয়ারচর সড়কের কাজ দ্রুত শুরু হবে: এমপি দীপেন দেওয়ান।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলার বহুল প্রত্যাশিত লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের নির্মাণকাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। একই সঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।

বুধবার (২২ জুলাই)  সকালে লংগদু সফরে পৌঁছালে উপজেলা প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে ২৯৯ নং আসনের এমপি দীপেন দেওয়ানকে বরণ করে নেন।

সফরকালে তিনি বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদের নবনির্মিত  পরিদর্শন  কক্ষের উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এরপর উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত পৃথক এক সভায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি দীপেন দেওয়ান বলেন, লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক বাস্তবায়ন উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি। এ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত সেবাকার্যক্রমের বিষয়েও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিদ্যুৎবিহীন তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রমও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

ক্যাটাগরি