রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা,মোটরসাইকেলে আগুন

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের সন্ত্রাসবিরোধী মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামের শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ার। তাদেরকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের একদল নেতাকর্মী মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৮ থেকে ১০ জন আহত হন। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে আগুন দেয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

ক্যাটাগরি