বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এ লামার মহামনি শিশু সদনের ক্ষুদে কারাতেকাদের দাপট, ৩ স্বর্ণসহ ৬ পদক অর্জন

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে বান্দরবানের লামা উপজেলার মহামনি শিশু সদনের ক্ষুদে কারাতে খেলোয়াড়রা। দেশের প্রতিনিধিত্ব করে তারা সর্বোচ্চ সংখ্যক পদক জয়ের গৌরব অর্জন করেছে।

প্রতিযোগিতায় মহামনি শিশু সদনের খেলোয়াড়রা মোট ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্রপদক জয় করে লামাসহ পুরো বান্দরবান জেলার জন্য গৌরব বয়ে এনেছে।

অনূর্ধ্ব-১২ বালিকা একক কাতা বিভাগে য়ুংপাও ম্রো স্বর্ণপদক অর্জন করে। এছাড়া অনূর্ধ্ব-১৪ বালিকা দলগত কাতা বিভাগে য়ুংপাও ম্রো, চামরু ম্রো, হ্লা হ্লা নু ম্রো ও এম্যাছিং মার্মা স্বর্ণপদক জয় করে।

অনূর্ধ্ব-১২ পুরুষ দলগত কাতা বিভাগে মেনপং ম্রো, রেংথন ম্রো, রেংওয়াই ম্রো ও ওয়াংথোয়াই স্বর্ণপদক অর্জন করে।
ক্যাডেট মহিলা দলগত কাতা বিভাগে উনুসাই মার্মা, উখিংওয়াং চাক, সাইমেথুই মার্মা ও সিংথাজাংপ্রু রৌপ্যপদক লাভ করে।
এছাড়া ক্যাডেট পুরুষ একক কাতা বিভাগে রেংনিক ম্রো এবং ক্যাডেট বালিকা কুমিতে (+৬১ কেজি) বিভাগে সিংথাজাংপ্রু তাম্রপদক জয় করে বাংলাদেশের পদক তালিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এই অসাধারণ সাফল্যে মহামনি শিশু সদন, লামা উপজেলা প্রশাসন, অভিভাবক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মহামনি শিশু সদন কর্তৃপক্ষ জানায়, এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, লামা, বান্দরবান এবং সমগ্র বাংলাদেশের গর্ব। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মধ্যেও ক্ষুদে খেলোয়াড়দের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, লামার এই প্রতিভাবান কারাতেকারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে।

ক্যাটাগরি