আদালতের রায়ে শপথ, দীর্ঘ আইনি লড়াইয়ের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ আইনি লড়াই শেষে শপথ গ্রহণের পর দেওয়া এক আবেগঘন বক্তব্যে নির্বাচিত সংসদ সদস্য তার নির্বাচনের পরবর্তী সময়ের নানা অভিজ্ঞতা ও ভোগান্তির কথা তুলে ধরেছেন।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা একই দিন সম্পন্ন হলেও প্রায় ৮০ হাজার ভোটে এগিয়ে থাকার পরও তিনি ফলাফল পাননি। এতে বিজয়ী হয়েও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে তাকে।
বক্তব্যে তিনি বলেন, সংসদে থেকে জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার কথা থাকলেও রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। দীর্ঘ সময় আদালত চত্বরে ন্যায়বিচারের আশায় দৌড়ঝাঁপ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সেই সময়ের প্রতিটি দিন কেটেছে উদ্বেগ ও হতাশার মধ্যে। নানা প্রতিকূলতা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মুখোমুখি হলেও দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা এবং মহান সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে তিনি ধৈর্য ধারণ করেছেন।
আদালতের রায়ের পর শপথ গ্রহণ করে তিনি বলেন, “ষড়যন্ত্রকারীরা আমার বিজয়কে কিছুটা বিলম্বিত করতে পেরেছে, কিন্তু আমার প্রাপ্য কেড়ে নিতে পারেনি।”
এ সময় তিনি দীর্ঘ এই আইনি লড়াইয়ে যারা পাশে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ফটিকছড়ির জনগণের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য ধন্যবাদ জানিয়ে তাদের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।