বৈশাখে ব্যতিক্রমী আয়োজনে প্রশংসায় ভাসছেন প্রবাসী রাসেল চৌধুরী
শরীফ হোসেন রিংকন,লক্ষ্মীপুর
বাংলা নববর্ষকে ঘিরে প্রতিবছরের মতো এবারও দেশজুড়ে ছিল নানা আয়োজন। তবে লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সৌদি প্রবাসী ব্যবসায়ী রাসেল চৌধুরী। তার আয়োজন এখন স্থানীয়দের মুখে মুখে প্রশংসিত হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর বিকন্স এলাকার চৌধুরী বাড়িতে এই আয়োজন করা হয়। জানা যায়, রাসেল চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে দুটি গরু জবাই করে হাজার হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা চলে এই আপ্যায়ন।
এলাকাবাসী জানান, বাংলা নববর্ষ উপলক্ষে সাধারণত পান্তা-ইলিশ, মেলা কিংবা বিনোদনকেন্দ্র ঘিরেই আয়োজন সীমাবদ্ধ থাকে। কিন্তু রাসেল চৌধুরীর এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মাঝে ভিন্ন মাত্রা যোগ করেছে।
চরমোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান সুমন বলেন, “এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। হাজার হাজার মানুষকে একসাথে বসিয়ে খাওয়ানোর এই আয়োজন আমাদের এলাকায় একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
স্থানীয় বাসিন্দা হাজী আব্দুল আলী বলেন, “এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে এমন আয়োজন আমাদের এলাকায় কেউ করেছে বলে জানা নেই। এটি স্মরণীয় হয়ে থাকবে।”
এ বিষয়ে রাসেল চৌধুরী বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার এলাকার মানুষদের নিয়ে একসাথে একবেলা খাওয়ার এই আয়োজন করেছি। আল্লাহর রহমতে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।”
উল্লেখ্য, রাসেল চৌধুরী চরমোহনা ইউনিয়নের চর বিকন্স এলাকার মোহাম্মদ আমিন চৌধুরীর ছেলে। তিনি ২০০৯ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান এবং বর্তমানে সেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত।