বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন

অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া সরকার

যৌথ অভিযানে ৫৬ জন বাংলাদেশীসহ গ্রেপ্তার ২১৮ জন মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। অভিবাসন আইন কার্যকরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে দেশজুড়ে জোরদার করা হয়েছে ইমিগ্রেশন অভিযান ও নজরদারি।

গতকাল পরিচালিত এক বিশেষ অভিযানে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ ও যৌথবাহিনী ৫৬ জন বাংলাদেশীসহ মোট ২১৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। সরকারি সূত্রে জানা যায়, রাজধানী কুয়ালালামপুরসহ বিভিন্ন শ্রমঘন ও ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হয়। ড্রোন, ডিজিটাল নজরদারি ব্যবস্থা, মোবাইল স্ক্যানার এবং বিশেষ টাস্কফোর্স ইউনিট মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়, যাতে কেউ পালিয়ে যেতে না পারে। প্রযুক্তিনির্ভর এই অভিযানে অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক অবৈধ প্রবাসীকে শনাক্ত ও আটক করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মেয়াদোত্তীর্ণ ভিসাধারী, বৈধ অনুমতি ছাড়া কর্মরত শ্রমিক এবং অনুমোদনহীনভাবে মালয়েশিয়ায় অবস্থানকারীরা। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী জরিমানা, কারাদণ্ড ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া শুরু হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,“দেশের নিরাপত্তা, শ্রমবাজারের শৃঙ্খলা এবং আইনের শাসন নিশ্চিত করতেই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”এদিকে অবৈধভাবে শ্রমিক নিয়োগকারী নিয়োগদাতা ও দালালচক্রের বিরুদ্ধেও তদন্ত জোরদার করা হয়েছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, আইন ভঙ্গকারীদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র থাকা প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানালেও, যারা এখনো অবৈধ অবস্থায় রয়েছেন, তাদের দ্রুত বৈধ হওয়ার অথবা স্বেচ্ছায় দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই অভিযান মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা, বিশেষ করে বাংলাদেশী শ্রমিকদের ক্ষেত্রে সচেতনতা ও আইনি প্রস্তুতি এখন অত্যন্ত জরুরি।

মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী
মালয়েশিয়া থেকে

ক্যাটাগরি