নারীর স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রামে ৩ বিশেষ ক্লাব চালু
নারীর স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা, স্বাস্থ্যশিক্ষা, পুষ্টিকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও ইতিবাচক জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তিনটি বিশেষ ক্লাব চালু করেছে হোয়াইট ফাউন্ডেশন। ক্লাবগুলো হলো—‘হোয়াইট প্রিন্সেস’, ‘হোয়াইট মামস’ ও ‘হোয়াইট কুইন্স’।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাব তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং নারীর স্বাস্থ্যবিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ২০ জন বিশিষ্ট নারী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান, সাবেক ডিআইজি আমেনা বেগম, চট্টগ্রাম সিএমএইচের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাসিমা বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক লায়লা খালেদা এবং আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফাহমিদা ইসলাম। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন হোয়াইট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. রেশমা শারমিন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের এক্সারসাইজ প্রোগ্রাম লিডার রেজিনা বোনার্ট নারীদের আত্মযত্ন, শরীরচর্চা ও নিরাপদ খেলাধুলার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।
হোয়াইট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. রেশমা শারমিন বলেন, হোয়াইট প্রিন্সেস ক্লাবের মাধ্যমে কিশোরী-তরুণীদের স্বাস্থ্যশিক্ষা, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করা হবে।
‘হোয়াইট মামস’ ক্লাবে গর্ভবতী মা ও মাতৃত্বকালীন নারীদের স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক সুস্থতা নিয়ে কাজ করবে। হোয়াইট কুইন্স ক্লাবের লক্ষ্য মেনোপজ ও পরবর্তী সময়ে নারীর সুস্বাস্থ্য, পুষ্টি, শারীরিক সক্রিয়তা এবং সুস্থ বার্ধক্য নিশ্চিত করতে সচেতনতা তৈরি করা। এসব ক্লাবের মাধ্যমে নারীরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবেন, অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন এবং স্বাস্থ্যগত সমস্যা ও প্রয়োজন নিয়ে নির্ভয়ে কথা বলার সুযোগ পাবেন।
তিনি বলেন, আমি সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আসার অন্যতম উদ্দেশ্য ছিল এ দেশের কিশোরী, তরুণী, নারী ও নারী চিকিৎসকদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করা। সেই লক্ষ্য থেকেই স্বেচ্ছাসেবী হিসেবে হোয়াইট ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছিল।
রেজিনা বোনার্ট বলেন, মেয়েদের জন্য নিরাপদ ও উপযুক্ত খেলাধুলার পরিবেশ বা ‘সেফ স্পোর্টস জোন’ তৈরি জরুরি। প্রতিটি মেয়ের শারীরিকভাবে সক্রিয় থাকার পাশাপাশি নিরাপদ পরিবেশে খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থাকা প্রয়োজন।