মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

দুর্গম পাহাড়ে জীবনরক্ষাকারী সেবা নিশ্চিতে নানিয়ারচরে প্রকল্পের সমাপনী সভা

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী জরুরি সেবায় প্রবেশাধিকার ও এসব সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম।

সভায় প্রকল্পের আওতায় সমন্বিত পুষ্টি, খাদ্যনিরাপত্তা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কার্যক্রমের অগ্রগতি এবং অর্জন তুলে ধরা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু ও তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা, স্বাস্থ্যগত সক্ষমতা এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে প্রকল্পটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম বলেন, আশিকা পরিচালিত এ প্রকল্প নানিয়ারচরের দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হলে এসব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে।

আশিকা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসা বলেন, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও সামাজিক উন্নয়ন, খাদ্যনিরাপত্তা ও জীবিকায়ন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, জেন্ডার ও মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে জীবনরক্ষাকারী জরুরি সেবা পৌঁছে দেওয়া এবং এসব সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

এ সময় বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক মানুষের কাছে জীবনরক্ষাকারী সেবাগুলো আরও সহজলভ্য করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় এসব সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সোনা রঞ্জন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর থানার প্রতিনিধি দীপক চৌধুরী, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসা, উপজেলা কো-অর্ডিনেটর জীবন্ত তালুকদারসহ সিএনপি ও পাড়া পর্যায়ের উপকারভোগীরা।

ক্যাটাগরি