রাজারকুল আজিজুল উলুম প্রাক্তন ছাত্র পরিষদের প্রীতি সমাবেশ ও সাধারণ সভা অনুষ্ঠিত
পবিত্র ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান রামুর রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন শিক্ষার্থীদের প্রীতি সমাবেশ এবং প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা নুর মুহাম্মদ।
রবিবার (২২ নভেম্বর) বাদ মাগরিব মাদ্রাসার ৫৩তম বার্ষিক সভাকে কেন্দ্র করে প্রাক্তন ছাত্র পরিষদ, আজিজুল উলুম মাদ্রাসা, রাজারকুলের ব্যবস্থাপনায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা প্রান্ত থেকে স্মৃতিবিজড়িত শিক্ষাঙ্গনের প্রতি আত্মিক টানে ছুটে আসা প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালক ও পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মোহছেন শরীফ (হাফিজাহুল্লাহ)। তিনি আজিজুল উলুমের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও খিদমাতের জন্য শুকরিয়া আদায় করেন। এ ধারাবাহিকতা বজায় রাখতে দাওয়াতি মেজাজ নিয়ে ইখলাসের সঙ্গে কর্মতৎপর থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে সবার দোয়া কামনা করেন।
নির্বাহী সদস্য মাওলানা কারী আব্দুল খালেকের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মাদ্রাসার উস্তাযুল হাদিস মাওলানা আব্দুল খালেক কাউছার (দা. বা.)। তিনি বলেন, ঐতিহ্যবাহী এ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আত্মার বন্ধন অটুট রাখার মাধ্যমে দ্বীনের দাওয়াতের বিকাশে প্রাক্তন ছাত্র পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধারা অব্যাহত রাখতে সুশৃঙ্খলভাবে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ। সংগঠনের গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম। আলোচনায় অংশ নেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান ও সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুহাম্মদ অলি উল্লাহ আরজু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মাওলানা আসআদ উল্লাহ রহমানী, মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা আবুল তালাম, মাওলানা আবুল মনজুর, সংগঠনের প্রবাসী প্রতিনিধি এহতেশামুল হক এহসান সিকদার, সহসভাপতি হাফেজ জাহেদ কলিম ও হাফেজ ছৈয়দুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, সহ-প্রচার সম্পাদক মাওলানা হাফেজ সাঈদ হোছাইন, দপ্তর সম্পাদক মাওলানা মুফতি ইয়াকুব হোছাইন, সহ-দপ্তর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সহ-আপ্যায়নবিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল খালেক, হাফেজ বশির আহমদ, মুহাম্মদ আবু ওবাইদা, মাওলানা নোমান খাঁন, মাওলানা আতাউল্লাহ, মাওলানা কামাল হোছাইন ও মাওলানা সিরাজুল মোস্তফাসহ উল্লেখযোগ্যসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র পরিষদের গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরকে পুনরায় সভাপতি এবং মাওলানা নুর মুহাম্মদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনের কার্যনির্বাহী পরিষদ নবায়ন করা হয়।